টিআইবির রিপোর্ট: গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সহিংসতায় বিএনপি সবচেয়ে বেশি জড়িত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সহিংসতার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ৫ আগস্ট ২০২৪-এর পর থেকে সংঘটিত সহিংসতার ঘটনায় বিএনপির নেতাকর্মীরা সবচেয়ে বেশি জড়িত ছিলেন।
ঢাকার ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ‘কর্তৃত্ববাদ পতন-পরবর্তী দেড় বছর: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য উপস্থাপন করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পর ১৭ মাসে (আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫) সারাদেশে মোট ৬০০টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে ১৫৮ জন রাজনৈতিক কর্মী নিহত এবং ৭ হাজার ৮২ জন আহত হয়েছেন। এসব ঘটনার মধ্যে ৫৫০টিতে (৯১.৭ শতাংশ) বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন। আওয়ামী লীগ ১২৪টি ঘটনায় (২০.৭ শতাংশ), জামায়াতে ইসলামী ৪৬টি ঘটনায় (৭.৭ শতাংশ) এবং জাতীয় নাগরিক পার্টি ১.২ শতাংশ ঘটনায় সম্পৃক্ত ছিল। একই ঘটনায় একাধিক দল জড়িত থাকায় শতাংশের যোগফল ১০০ শতাংশের বেশি হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “রাজনৈতিক সহিংসতা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও স্থানীয় প্রভাব বিস্তারের লড়াইয়ের সঙ্গে যুক্ত।” প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালে ৪০১টি সহিংসতার ঘটনায় ১০২ জন নিহত হয়েছেন। তফসিল ঘোষণার পর ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এছাড়া অস্ত্র নিখোঁজ, ধর্মভিত্তিক রাজনীতির প্রভাব ও মব সংস্কৃতির আশঙ্কা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
টিআইবি রিপোর্ট, গণঅভ্যুত্থান পরবর্তী সহিংসতা, বিএনপি জড়িত, রাজনৈতিক হত্যা, টিআইবি গবেষণা
টিআইবি রিপোর্ট: গণঅভ্যুত্থান পর ৬০০ সহিংসতায় বিএনপি ৯১.৭% জড়িত, ১৫৮ নিহত: আওয়ামী লীগ ২০.৭%।