মাদরাসায় যৌন নির্যাতন রোধে কমিশন গঠনের প্রস্তাব দিলেন শায়েখ আহমাদুল্লাহ
শায়েখ আহমাদুল্লাহ মাদরাসাভিত্তিক আবাসিক প্রতিষ্ঠানে যৌন নির্যাতন ও অনাচারের অভিযোগ বন্ধে কার্যকর উদ্যোগের আহ্বান জানিয়েছেন। তিনি আলেম ও বিশেষজ্ঞদের সমন্বয়ে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাব দিয়ে মাদরাসা শিক্ষার ভাবমূর্তি রক্ষায় জরুরি পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়েছেন।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রখ্যাত ইসলামী বক্তা শায়েখ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, “আবাসিক মাদরাসাগুলোতে যৌন অনাচারের ঘটনা অস্বীকার করার সুযোগ নেই।” তিনি আরও জানান, এ বিষয়ে নীরবতা বা উপেক্ষা সমস্যা আরও বাড়াবে। তাই হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়ার সর্বোচ্চ পর্যায় থেকে আলেম ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করা উচিত। এ কমিশন অভিযোগ পেলে সরেজমিন তদন্ত করে সত্য প্রমাণিত হলে অভিযুক্তকে বিচারের মুখোমুখি করবে এবং ভবিষ্যতে কোনো মাদরাসায় চাকরির সুযোগ না পায় সেজন্য ব্ল্যাকলিস্ট করবে। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে তাও সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।
সম্প্রতিকালে বিভিন্ন আবাসিক মাদরাসায় যৌন নির্যাতনের অভিযোগ উঠছে, যা মাদরাসা শিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থা কমিয়ে দিচ্ছে। শায়েখ আহমাদুল্লাহ এসব ঘটনাকে ঘৃণ্য কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তাঁর মতে, মাদরাসা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিসিটিভি মনিটরিং, শিক্ষক প্রশিক্ষণ, আলাদা আবাসন ব্যবস্থা এবং কঠোর তত্ত্বাবধান জরুরি। তিনি দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত প্রস্তাবনা পেশ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন।
এ প্রস্তাব মাদরাসা শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শায়েখ আহমাদুল্লাহর এ উদ্যোগ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশু ও শিক্ষার্থীদের সুরক্ষায় ইতিবাচক আলোচনা তৈরি করেছে।
শায়েখ আহমাদুল্লাহ, মাদরাসা যৌন নির্যাতন, মাদরাসা কমিশন, যৌন নিপীড়ন রোধ, আবাসিক মাদরাসা, ইসলামী বক্তা
সূত্র: ঝলক২৪ টিম
খবরের দায়ভার নয়; অনিচ্ছাকৃত ত্রুটি সংশোধনে যোগাযোগ করুন